35.3 C
Dhaka
Wednesday, June 10, 2026

দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল- আসিফ নজরুল

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল দুদককে নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, “শেখ হাসিনার সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) দাসে পরিণত হয়েছিল।”

ড. নজরুল অভিযোগ করেন, গত ১৫ বছরে সরকারী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চরম দুর্নীতি হয়েছে। তিনি বলেন, “১০০ টাকার বালিশ ৪-৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। ক্যাসিনো ব্যবসা করে একসময়কার ছিনতাইকারী এখন হাজার কোটি টাকার মালিক। এমনকি একজন প্রধানমন্ত্রী তার পিয়নকে ৪০০ কোটি টাকার মালিক হওয়া নিয়ে হাসি-ঠাট্টা করেছেন। অথচ সেই সময় দুদক ছিল, উচ্চ আদালত ছিল। কিন্তু কোনো বিচার হয়নি। বিচার হয়েছে কেবল খালেদা জিয়ার।

দুদকের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখন আপনাদের কেউ ফোন করছে না। তাদের দুর্নীতির তদন্ত করুন। প্রমাণ করুন যে ভালো পরিবেশ পেলে আপনারা সঠিক কাজ করতে পারেন। এটি এখন সারাদেশের আকাঙ্ক্ষা।”

তিনি আরও বলেন, যে কোনো প্রয়োজনীয় আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে। বিচার বিভাগের সংস্কার নিয়ে তিনি বলেন, “উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আমরা আইন করেছি, যদিও সংস্কার কমিশনের কোনো প্রতিবেদন পাইনি।”

নতুন নেতৃত্বে দুদককে শক্তিশালী করার কথা উল্লেখ করে তিনি বলেন, “যারা দুদকের দায়িত্বে আছেন, তাদের সচেতন হতে হবে। দুদককে অচল রাখা যাবে না। দেশের বড় বড় দুর্নীতিগুলো তদন্ত করতে হবে এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এর আগে সকালে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচি উদ্বোধন করা হয়।

দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন এবং পরে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। এতে অংশ নেন দুদকের মহাপরিচালক, পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

ড. আসিফ নজরুলের বক্তব্যে দুর্নীতি প্রতিরোধে দুদকের কার্যক্রমের সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ প্রত্যাশার বিষয়গুলো উঠে এসেছে। তিনি নতুন নেতৃত্বের অধীনে দুর্নীতির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ