সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আইনজীবী তার জন্য হাই কমোডের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। পলক কোমরের ব্যথায় ভুগছেন এবং লো কমোড ব্যবহার করতে সমস্যায় পড়ছেন বলে আদালতে উল্লেখ করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদল নেতা মানিক মিয়ার হত্যার ঘটনায় পলকের বিরুদ্ধে করা রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক শেখ হাদীউজ্জামান পলকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, পলককে ৪৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তিনি ইতোমধ্যে ৩১ দিন রিমান্ডে ছিলেন। রিমান্ড চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা বিবেচনায় তার রিমান্ড বাতিলের অনুরোধ করেন পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন। তিনি আরও প্রস্তাব করেন, প্রয়োজনে জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক।
ওমর ফারুক ফারুকী বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে ১৫৮১ জন হত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে পলকের বিরুদ্ধে আরও মামলা হতে পারে। তিনি বাইরে থাকলে অপরাধ চালাতে দ্বিধা করেন না। কোর্টে এলেই অসুস্থতার অভিযোগ করেন।”
শুনানি শেষে আদালত পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৫ আগস্ট ঢাকার চানখারপুলে ছাত্রদল নেতা মানিক মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় রাজু আহমেদ নামে একজন বাদী হয়ে শেখ হাসিনাসহ ৭৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পলক মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি।


