গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন সোশ্যাল মিডিয়ায় ‘সি ইউ নট ফর মাইন্ড’ বাক্য দিয়ে ভাইরাল হওয়া শ্যামল চন্দ্র (৩৮)। তিনি বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহাবুল হত্যা মামলার এজাহারভুক্ত ৩৪ নম্বর আসামি।
২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। সাড়ে ১০ বছর পর, গত ২২ অক্টোবর শাহাবুলের ছোট ভাই এসএম শাহজাহান কবির এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি এবং আরও ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, শ্যামল চন্দ্র কয়েক বছর আগে একটি কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আলাপের সময় ‘সি ইউ নট ফর মাইন্ড’ এবং ‘হ্যাভ অ্যা রিল্যাক্স’ বাক্য ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন।


