28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই

advertisment
- Advertisement -spot_img

একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্র সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

পাপিয়া সারোয়ারের স্বামী সারওয়ার আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিল্পীর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন পাপিয়া সারোয়ার। শেষ পাঁচ দিন তিনি ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে অন্য একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

শিল্পীর দুই মেয়ে, জারা ও জিশান, যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে তারা দেশে ফেরার পথে রয়েছেন।

বরিশালে জন্মগ্রহণকারী পাপিয়া সারোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে স্নাতক সম্পন্ন করেন। উচ্চ শিক্ষার জন্য তিনি ভারতের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র সংগীতে ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য, তিনি বাংলাদেশের স্বাধীনতার পর ভারত সরকারের বৃত্তি পাওয়া প্রথম ব্যক্তি।

পাপিয়া সারোয়ার সংগীতের প্রশিক্ষণ নিয়েছিলেন ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন ও বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা)-এ। তার গুরুর মধ্যে ছিলেন শিল্পী ওয়াহিদুল হক, সানজিদা খাতুন এবং জাহেদুর রহিম। ১৯৯৬ সালে তিনি ‘গীতসুধা’ নামে একটি সংগীত দল প্রতিষ্ঠা করেন।

রবীন্দ্র সংগীতে তার অসামান্য অবদান তাকে কোটি শ্রোতার ভালোবাসায় ভাসিয়েছে। আধুনিক গানের ক্ষেত্রেও তিনি ছিলেন জনপ্রিয়। বিশেষ করে, “নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম” গানটি তাকে শ্রোতাদের কাছে চিরস্মরণীয় করে তুলেছে।

২০১৩ সালে তিনি বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে তিনি বাংলা একাডেমি ফেলোশিপ পান এবং ২০২১ সালে একুশে পদকে ভূষিত হন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ