অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সঙ্গে ১০০ মিলিয়ন ডলারের একটি ঋণচুক্তি সই করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং চুক্তিতে সই করেন।
সরকারের অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) ২০২৯ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঋণ পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন এবং বিআইএফএফএলের দক্ষতা বাড়াতে ব্যবহার করা হবে। ঋণটি অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্সেস হিসেবে পাওয়া গেছে এবং এটি পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে।
এডিবি থেকে এই ঋণ ছাড়াও বাংলাদেশের জন্য আরও ৬০০ মিলিয়ন ডলারের নীতি-ভিত্তিক ঋণ অনুমোদনের ঘোষণা দিয়েছে সংস্থাটি। এই তহবিল অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা, সরকারি বিনিয়োগের দক্ষতা এবং বেসরকারি খাতের কাঠামোগত সংস্কার কার্যক্রমে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, এই ঋণ অবকাঠামো উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখবে, যা দেশের সামগ্রিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।


