নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্রের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে শিক্ষার্থী ও স্থানীয়রা শহরের বঙ্গজল এলাকায় জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, ভূমিহীনদের উচ্ছেদে অনিয়ম এবং ছাত্র আন্দোলনে সশস্ত্র ব্যক্তিদের সহযোগিতার সঙ্গে জড়িত রয়েছেন সহকারী কমিশনার কৃষ্ণ চন্দ্র।
ছাত্র প্রতিনিধি শেখ ওবায়দুল্লাহ মীম বলেন, “সহকারী কমিশনার সশস্ত্র ব্যক্তিদের দিয়ে আমাদের ওপর হামলা চালানোর সুযোগ তৈরি করেছেন এবং ভূমিহীনদের উচ্ছেদের নামে অবৈধ কার্যক্রম পরিচালনা করছেন। আমরা তার অপসারণ চাই।”
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী এবং পুলিশের একটি দল।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম জানান, “শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলন আরও জোরালো হবে বলে সতর্ক করেছেন শিক্ষার্থীরা।


