28.4 C
Dhaka
Thursday, June 18, 2026

অপহরণ-হত্যার পর ফেসবুকে নিজেই সন্ধান চান ছাত্রদলকর্মী তুষার

advertisment
- Advertisement -spot_img

‘আপনারা কেউ যদি আমার ছোট ভাইটার সন্ধান পেয়ে থাকেন তাহলে অতিদ্রুত যোগাযোগ করুন’-এমন তিনটি ফেসবুক পোস্টে ফেনীতে অপহৃত স্কুলছাত্র আহনাফ আল মাঈন নাশিতের (১০) সন্ধান চান এ ঘটনায় গ্রেপ্তার আশ্রাফ হোসেন চৌধুরী তুষার। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরতলীর দেওয়ানগঞ্জ রেললাইন সংলগ্ন ডোবা থেকে নাশিতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারপর থেকে এ ঘটনায় প্রধান অভিযুক্ত তুষারকে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। 

গ্রেপ্তার তুষার শহরের একাডেমি এলাকার আতিকুল আলম সড়কের ইকবাল হোসেনের ছেলে। তিনি ফেনী পৌর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তুষার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ-প্রচার সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জিয়া স্মৃতি সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন। 

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৮ ডিসেম্বর) শহরের একাডেমি এলাকার আতিকুল আলম সড়কে লাইট হাউজে কোচিং ক্লাস শেষ করে স্থানীয় বায়তুল খায়ের জামে মসজিদে নামাজ পড়তে যায় নাশিত। নামাজ শেষে বাসায় ফেরার পথে পূর্বপরিচিত আসামি তুষার ও তার সহযোগীরা নাশিতকে অপহরণ করে দেওয়ানগঞ্জ এলাকায় নিয়ে জুসের সঙ্গে ওষুধ মিশিয়ে অচেতন করেন। পরে নাশিতের ছবি তুলে তার বাবা মাঈন উদ্দিন সোহাগের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ডোবায় ফেলে দেন। মরদেহ যেন পানিতে ভেসে না ওঠে সেজন্য ওই শিক্ষার্থীর স্কুল ব্যাগে পাথর ভরে চাপা দেন তারা।

গ্রেপ্তার তুষার অপহরণের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাশিতের বাবার একটি পোস্টসহ মোট তিনটি পোস্ট শেয়ার করে সন্ধান চান। যেখানে তুষার লেখেন, আল্লাহ আপনার রহমতের উছিলায় আমাদের ছোট ভাইটাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। অন্যটিতে লেখেন, আপনারা কেউ যদি আমার ছোট ভাইটার সন্ধান পেয়ে থাকেন তাহলে অতিদ্রুত যোগাযোগ করুন। 

এদিকে ফেনী বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে তুষারের ঘনিষ্ঠ সম্পর্ক দেখা গেছে। এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সঙ্গে ছবি ও ঘনিষ্ঠতা প্রসঙ্গে জানতে চাইলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে অন্যদের মতো তুষারও আমার কাছে আসতো। সেই সুবাদে আমার সঙ্গে ছবি তুলেছে। তবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার জানা নেই। 

এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, তুষার ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও বর্তমানে কোনো পদ-পদবিতে নেই। এমনিতে দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। আমরা কোনো অপরাধমূলক কাজের পক্ষে না। আমরা তার শাস্তির দাবি করছি। 

ইনসেটে নিহত নাশিত ও লালবৃত্তে চিহ্নিত গ্রেপ্তার তুষার

পুলিশ জানায়, এ ঘটনায় নাশিতের বাবা মাঈন উদ্দিন সোহাগ গত ৯ ডিসেম্বর ফেনী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তারপর দুই দিন ধরে একটি মোবাইল নম্বর থেকে নাশিতের বাবাকে কল করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে গতকাল রাতে নিহতের বাবা মাঈন উদ্দিন সোহাগ পুলিশকে তুষার নামে একজনকে সন্দেহের কথা জানান। জিজ্ঞাসাবাদের জন্য রাতে তুষারকে পুলিশ হেফাজতে নেওয়া হলে তার দেওয়া তথ্যমতে দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা থেকে নাশিতের স্কুল ব্যাগসহ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তাররা অন্যরা হলেন- মোবারক হোসেন ওয়াসিম (২০) ও ওমর ফারুক রিফাত (২০)। 

ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তুষার

এদিকে রাত সাড়ে ৯টার দিকে নাশিত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে শহরের ট্রাংক রোড থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বাদ মাগরিব ফেনী জি এ একাডেমি স্কুল মাঠে প্রথম জানাজা ও রাত ৯টায় ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর আনসার আলী ফকির জামে মসজিদ মাঠে জানাজা শেষে নাশিতের দাফন সম্পন্ন হয়েছে। 

নিহত নাশিত ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের জয়পুর গ্রামের আনসার আলী ফকির বাড়ির মাঈন উদ্দিন সোহাগের ছোট ছেলে। পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে ফেনী পৌরসভার একাডেমি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো নাশিত। 

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ