সুন্দরবনে মাছ শিকারের সময় এক জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের বিরল প্রজাতির জাবা ভোলা মাছ। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের জেলে দেলোয়ার হোসেন মাছটি স্থানীয় বাজারে নিয়ে এলে মুন্সিগঞ্জের রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা তা ৩ লাখ ১২ হাজার টাকায় কিনে নেন।
দেলোয়ার হোসেন জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে অনুমতি নিয়ে তারা মাছ ধরতে যান। গত বৃহস্পতিবার সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে জাল ফেলার সময় বিশাল আকারের এই জাবা ভোলা মাছ ধরা পড়ে।
জাবা ভোলা মাছের বিশেষত্ব হলো, এর ফুলকো (এয়ার ব্লাডার) জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে প্রচলিত রয়েছে। এই কারণেই এ প্রজাতির মাছের বাজারমূল্য এত বেশি।


