জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের সহযোগীদের বিচারের আগে নির্বাচন হলে তা হবে শহীদদের রক্তের সাথে বেইমানি। ১৯৭১ ও ১৯৯০ সালের হত্যাকারীদের বিচার এখনো হয়নি। এসব থেকে শিক্ষা নিয়ে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের বিচার নিশ্চিত করতে হবে। বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “আমরা সব দল ও গোষ্ঠীকে আহ্বান জানাই, এ বিচারের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখুন এবং একটি ন্যায়বিচারপূর্ণ বাংলাদেশ গড়তে সহায়তা করুন।”
আগামী এক-দুই মাসের মধ্যে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, “জাতীয় নাগরিক কমিটি এখনও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেনি। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সফল শক্তিগুলোর উদ্যোগে আমরা একটি সুন্দর, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। নতুন দলটি দক্ষিণ এশিয়া ও বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে।”
তিনি বলেন, “আমরা ২০২৪ সালের বিজয় উদযাপন করছি ফ্যাসিবাদ ও দিল্লির আগ্রাসন থেকে মুক্তি পাওয়ার উপলক্ষ হিসেবে। তরুণ প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, যতদিন বাংলাদেশের ভৌগোলিক সীমানা থাকবে, ততদিন এ প্রজন্ম আওয়ামী ফ্যাসিবাদ ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।”
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচার, গণতন্ত্র, এবং সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ফুটে ওঠে।


