27.7 C
Dhaka
Thursday, June 18, 2026

ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল

advertisment
- Advertisement -spot_img

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।

তাজুল ইসলাম বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও ওবায়দুল কাদের তিন মাস দেশে অবস্থান করেছিলেন। এরপরও তিনি কীভাবে বিদেশে চলে গেলেন, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানতে চেয়েছেন আদালত। তিনি আরও বলেন, আদালতের নির্দেশ থাকার পর কেউ পালাতে সাহায্য করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানান, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলার তদন্ত শেষ করার জন্য এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছিল। মামলাগুলোতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু ও কামরুল ইসলাম। এছাড়াও আছেন সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন দমনে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ২৭ অক্টোবর মোট ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে ১৮ নভেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ