ভারত থেকে দ্বিতীয় চালানে ১,৯০০ টন আলু যশোরের বেনাপোল বন্দরে পৌঁছেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ভারতের পাঞ্জাব থেকে মালবাহী ট্রেনে ৪২টি ওয়াগনে করে চালানটি বেনাপোল রেলস্টেশনে আসে।
বুধবার সকালে বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিলাক্স ইন্টারন্যাশনাল এ চালানটি পাঠিয়েছে, আর আমদানিকারক চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ।
জানা গেছে, ৪২টি ওয়াগনে প্রায় ৩৮ হাজার ব্যাগ আলু রয়েছে, যার ওজন প্রায় ১৯ লাখ কেজি। চালানটির আমদানি মূল্য ৪ লাখ ৩৮ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৭ কোটি টাকা।
বাংলাদেশ লজিস্টিক সার্ভিসের প্রতিনিধি ফারুক ইকবাল ডাবলু জানান, আমদানিকৃত আলুগুলো বুধবার সকালে নওয়াপাড়ার উদ্দেশে রওনা দেয়। সেখান থেকে আনলোড করার পর আলুগুলো ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ১২ ডিসেম্বর ভারত থেকে ট্রেনে ৪৬৮ টন আলুর প্রথম চালান বেনাপোল বন্দরে আসে।


