বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সংগ্রাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার। এটি একইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার সংগ্রাম। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নরসিংদীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে আয়োজিত বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “এখন সংগ্রাম এদেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার। এ সংগ্রামে একমাত্র নেতৃত্ব দিতে পারবে বিএনপি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হলে এখন থেকেই কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন ঘটানো। জনগণের অংশগ্রহণে স্বৈরাচারী শাসকদের সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু দুর্বল ও জনসমর্থনহীন সরকার ক্ষমতায় থাকলে দেশের অর্থ ও প্রাকৃতিক সম্পদ লুটপাটের শিকার হবে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে অনেকেই সুযোগ নিতে চাইবে।”
তারেক রহমানের মতে, দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এমন একটি সরকার প্রয়োজন যারা জনগণের কথা ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে।
নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন প্রমুখ।
4o


