বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান আওয়ামি লীগকে উদ্দেশ্য করে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সংখ্যালঘু ও বিভিন্ন শক্তির মাধ্যমে নোংরামো করে ৫৩ বছর ধরে জাতির কপালে কুড়াল মেরেছে তারা। পকেট কেটে বিদেশে ২৬ লক্ষ কোটি টাকা পাচার করেছে, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের ৫ গুণ।”
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলায় জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, “তারা খুন করেছে, গুম করেছে, আয়না ঘর তৈরি করেছে, মানুষকে সম্মান দিতে শিখেনি।” তিনি দাবি করেন, মানবতার বেইজ্জতি এ দেশে চলতে দেয়া হবে না, এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “এ দেশের সন্তানরা বর্বরতা ও বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছে। তাদের একটাই স্লোগান ছিল ‘উই ফর জাস্টিস’। আমাদের সন্তানের গর্জনে ভাড়াটিয়া পালিয়ে গেছে দেশ ছেড়ে।”
নতুন বিপ্লবের বাংলাদেশ দেখতে চান এমনটি জানিয়ে জামায়াতের আমির বলেন, “আমরা সমাজিক ন্যায় বিচার চাই। আমাদের সন্তানদের অঙ্গীকার পূরণ করবো। আমরা এমন সমাজ চাই যেখানে মানুষের পরিচয় হবে আশরাফুল মাখলুকাত হিসেবে।” তিনি যুবকদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করে একটি নিরাপদ, সম্মানজনক ও সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার কথা বলেন।


