কক্সবাজারের টেকনাফে ৩৪ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুসহ অনুপ্রবেশ করেছেন। তারা ফিশিং বোটে সাগর পাড়ি দিয়ে টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে বাহারছড়ার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শিলখালী নৌকা ঘাটের দক্ষিণ পাশের ঝাউবন দিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে বাংলাদেশে প্রবেশ করেন।
স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারের মংডু থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে একজন কেফায়েত উল্লাহ বলেন, রাখাইন রাজ্যে সম্প্রতি আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা গ্রাম ও শহরে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। খাবারের সংকট এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় তারা পরিবার নিয়ে ফিশিং বোটে করে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন। তিনি জানান, “যুদ্ধের অজুহাতে আরাকান আর্মি স্থানীয়দের বাড়ি-ঘরে হামলা করছে, এবং যুবকদের ক্যাম্পে ধরে নিয়ে যাচ্ছে।”
রোহিঙ্গাদের সকাল ১০টার দিকে অনুপ্রবেশের পর, তারা সবাই দ্রুত ক্যাম্পে চলে যান বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, “রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি আমাদের জানানো হয়নি। এই ধরনের ঘটনা সাগর ও স্থল সীমান্তে সংশ্লিষ্ট সংস্থাগুলি দেখভাল করে।”


