সরকার বদল হলেও দেশের পররাষ্ট্রনীতিতে যেন জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ থাকে, তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় ‘নতুন বাংলাদেশ গঠন: অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মাহফুজ আলম বলেন, “দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের অখণ্ডতা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত। দেশের স্বার্থ রক্ষা করে সব রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।”
তিনি আরও বলেন, “আগের সরকারের পররাষ্ট্রনীতি অনেক সময় নতজানু অবস্থান গ্রহণ করেছে। তবে সরকার বদল হলে যাতে পররাষ্ট্রনীতি পরিবর্তনের প্রয়োজন না হয়, সেই বিষয়টি মাথায় রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত।”
মাহফুজ আলম বলেন, “সব রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। কোনো ধরনের হঠকারিতা পররাষ্ট্রনীতিতে গ্রহণযোগ্য নয়। বর্তমান সরকারও যদি এমন কিছু করে থাকে, তা সংশোধন করা হবে।”
আলোচনা সভায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


