আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দিনের আলোতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এফএম খালিদ হোসেন। তিনি বলেন, “রাতে ভোটের কোনো সুযোগ থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবে। রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। বাংলাদেশ কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয় যে গণতন্ত্রকে হত্যা করে জোর করে ক্ষমতায় টিকে থাকবে। জনগণকে আর ভোটাধিকার থেকে বঞ্চিত করা হবে না।”
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ঝালকাঠি নেছারাবাদ ইসলামী কমপ্লেক্সে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, আমীরুল মুছলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হক।
ড. খালিদ হোসেন আরও বলেন, “বাংলাদেশ আমাদের সবার। এখানে সব ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করি। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে, কিন্তু পার্শ্ববর্তী একটি রাষ্ট্র এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।”
তিনি জানান, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য পে-স্কেল প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যান্য পেশার মতো তাদেরও সম্মানজনক অবস্থানে আনার জন্য ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। একইসঙ্গে অন্যান্য ধর্মীয় নেতাদের জন্যও সমমর্যাদা প্রদানের পরিকল্পনা রয়েছে।
সভায় ড. খালিদ হোসেন বলেন, “এবারের নির্বাচন জনগণ দিনের আলোতে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে। অতীতে ছল-চাতুরির মাধ্যমে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। এবার সেই সুযোগ আর দেওয়া হবে না।”


