34.2 C
Dhaka
Wednesday, June 10, 2026

আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে বহিষ্কার

advertisment
- Advertisement -spot_img

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭১ শিক্ষার্থীকে চিহ্নিত করে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ৩৩ জন শিক্ষার্থীকে দুই সেমিস্টার করে এবং ২৩ জন শিক্ষার্থীকে এক সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ থেকে একজন শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়নি। এ বিষয়ে উপাচার্য জানান, নাম প্রকাশ করা সঠিক হবে না।

এছাড়া শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। উপাচার্য জানান, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও কোনো উত্তর না দেওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আগে শিক্ষক সমিতি ও কর্মকর্তা-কর্মচারী ইউনিয়ন নিষিদ্ধ থাকবে। ছাত্র সংসদ নির্বাচনের জন্য গঠিত কমিটি ক্যাম্পাসের সক্রিয় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে রোডম্যাপ ঘোষণা করবে।

ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা এবং ব্যানার নিয়ে প্রচারণা চালানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে একটি নীতিমালা প্রণয়ন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ