‘আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম। আমার সঙ্গে আরও অনেকে ছিলেন। জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন।’ এমন মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সিরাজুল আলম খানের (দাদা ভাই) ৮৪তম জন্মদিন উপলক্ষে সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আ স ম আবদুর রব বলেন, ‘যারা মুক্তিযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, তারা জয় বাংলা বলে মৃত্যুবরণ করেছেন। বিজয়ের পরেও জয় বাংলা ধ্বনি দিয়ে আমরা বিজয় উদযাপন করেছি। এই দুটি শব্দ বাংলার জয় এবং বাঙালির জয়কে প্রতিনিধিত্ব করে।’
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদ্রোহী কবিকে জাতীয় কবি হিসেবে গেজেট করা হয়েছে। আমি এবং আব্দুল কুদ্দুস মাখন বিমানবন্দর থেকে তাকে নিয়ে গিয়েছিলাম। তিনি লিখেছিলেন— “বাংলার জয়, বাঙালির জয়।”’
তিনি আরও বলেন, ‘এই বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় আমি আর কোনো মন্তব্য করতে চাই না।’
আলোচনায় মুক্তিযুদ্ধের সময়ের ঐতিহাসিক স্লোগান ও তার তাৎপর্য নিয়ে আবদুর রবের বক্তব্য বিশেষভাবে গুরুত্ব পায়।


