বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে লন্ডনের একটি ক্লিনিকে।
বুধবার (৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। লন্ডনে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যান।
এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা শুরু করেন খালেদা জিয়া। বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান তারেক রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ লন্ডন বিএনপির নেতাকর্মীরা।
দীর্ঘ সাত বছর পর লন্ডন সফরে গেছেন খালেদা জিয়া। এর আগে তিনি ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। তবে সেবার তিন মাস চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, এবং ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ২০২৩ সালের অক্টোবরে তার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়। এছাড়া, গত বছরের জুনে তার হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন করা হয়।
তবে বিএনপি চেয়ারপার্সনের লন্ডন সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা শুরু হয়েছে। তার চিকিৎসার অবস্থা ও দেশে ফিরে আসার সময়সীমা নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।


