বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “হাসিনা ও ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার। ৫ আগস্ট আমরা তাদের চাপ্টার ক্লোজ করে দিয়েছি।”
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বিভক্তি থাকতে পারে, কিন্তু একটি বিষয়ে আমরা একমত— হাসিনা ও তার ফ্যাসিবাদকে কোনোভাবেই পুনর্বাসিত হতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা কসাই। দুই হাজার মানুষকে শুধু তার ক্ষমতা ধরে রাখার জন্য হত্যা করা হয়েছে। অথচ আপনারা (সাংবাদিকরা) তাকে এখনও সাবেক প্রধানমন্ত্রী বলেন।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের মিডিয়ায় কেন ‘ফ্যাসিবাদী, খুনি হাসিনা’ লেখা যায় না? যদি এটি প্রকাশ না করা হয়, তবে আমরা বলবো যে আপনারা আওয়ামী ফ্যাসিবাদী মিডিয়া কাঠামোর অংশ হিসেবে কাজ করছেন।”
তিনি সতর্ক করে বলেন, “যদি কোনো মিডিয়ায় হাসিনার ভাষণ প্রচারিত হয়, তাহলে আমরা ধরে নেব সেই মিডিয়া তাকে সহযোগিতা করছে এবং জনগণের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে।”
হাসনাত আব্দুল্লাহ জোর দিয়ে বলেন, “আমরা সুশীলতাকে ছুঁড়ে ফেলে দিয়েছি বলেই গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। হাসিনার প্রশ্নে কোনো সুশীলতা চলবে না।”


