হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের ভিত্তিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এক বিবৃতিতে এ দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার অনুসারীদের মানবতাবিরোধী অপরাধের প্রমাণ উপস্থাপিত হয়েছে। তাদের অভিযোগ, শেখ হাসিনার নির্দেশে বাহিনীগুলো গুম, খুন এবং নির্যাতনের নৃশংস চর্চা চালিয়েছে।
তারা পিলখানা হত্যাকাণ্ড, ৫ মে ও চব্বিশের গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানান। এছাড়া, তারা বলেন, আওয়ামী লীগ ছাত্র নেতৃত্ব ও তৌহিদি জনতাকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং গণ-অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করছে।
ভারতের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন আচরণের অভিযোগ এনে তারা বলেন, ভারতের আশ্রয়ে শেখ হাসিনাকে একের পর এক ষড়যন্ত্র চালানোর সুযোগ দেওয়া হচ্ছে। তারা শেখ হাসিনা ও তার অনুগতদের বিচারের আওতায় এনে গণ-অভ্যুত্থানের চেতনা সুরক্ষিত করার আহ্বান জানান।


