অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দলে ফিরতে সম্মত হয়েছেন নারী ফুটবলের তারকা খেলোয়াড় সাবিনা খাতুন ও তার ১৭ জন সতীর্থ। এর মধ্য দিয়ে দেশের নারী ফুটবল অঙ্গনের ডেডলক শেষ হলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ সংবাদ সম্মেলনে সাবিনাদের দলে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফুজা আক্তার কিরণ বলেন, “আমরা তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। আজও তাদের সঙ্গে বৈঠক করেছি। আলোচনার পর মেয়েরা ট্রেনিংয়ে ফেরার বিষয়ে সম্মত হয়েছে। তবে তারা এখনই ট্রেনিংয়ে যোগ দেবে না।”
তিনি আরও জানান, “আমাদের দল দুটো প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে। ২৪ ফেব্রুয়ারি ক্যাম্প বন্ধ হবে, আর মেয়েরাও বিরতি চায়। ক্যাম্প পুনরায় শুরু হলে মেয়েরা ফিরবে এবং কোচের অধীনে ট্রেনিং করবে। এরপর আমরা ভুল বোঝাবুঝি মেটাতে নারী উইং, উচ্চ কর্তৃপক্ষ, কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসব।”
২৯ জানুয়ারি, সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৭ জন সিনিয়র খেলোয়াড় প্রধান কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কটের সিদ্ধান্ত নেন। বাফুফে এই সংকট সমাধানে বিশেষ কমিটি গঠন করলেও তাতে ফল আসেনি।
শেষ পর্যন্ত বাফুফে প্রধান তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনায় বসেন খেলোয়াড়রা। দেশের বাইরে থেকে ফিরেই তিনি আলোচনায় অংশ নেন এবং বিষয়টি নিয়ে ধারাবাহিক আলোচনা চালিয়ে যান।
সমাধানের পথে নারী ফুটবল
সবশেষ আলোচনার পর খেলোয়াড়রা ট্রেনিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং চুক্তি সই করবেন বলে জানিয়েছেন। এর ফলে দেশের নারী ফুটবলে শান্তি ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন জাতীয় দলের পারফরম্যান্সের দিকে নজর থাকবে সবার।
সুত্রা২৪


