জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের শহীদ ও আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তৃতীয় কার্য-অধিবেশন শেষে তিনি এ তথ্য জানান।
ফারুক-ই-আজম বলেন, “জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিরা ‘জুলাই শহীদ’ হিসেবে পরিচিত হবেন। তাদের পরিবার সনদ ও পরিচয়পত্র পাবেন। আহতরা ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পেয়ে সরকারি সুবিধাসহ আজীবন চিকিৎসা সুবিধা পাবেন এবং ভাতা পাবেন।”
তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবেন সঞ্চয়পত্র আকারে। এর মধ্যে ১০ লাখ টাকা চলতি অর্থবছরে এবং বাকি ২০ লাখ টাকা আগামী অর্থবছরের জুলাই মাসে প্রদান করা হবে।”
আহতদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হবে উল্লেখ করে তিনি বলেন, “গুরুতর আহত (এ-ক্যাটাগরি) ব্যক্তিরা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। এক অঙ্গহানি হওয়া (বি-ক্যাটাগরি) ব্যক্তিরা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন। কম গুরুতর (সি-ক্যাটাগরি) আহতরা পুনর্বাসন প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন, তবে তারা কোনো আর্থিক ভাতা পাবেন না।”
জুলাই অধিদপ্তর প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই অধিদপ্তর গঠনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এটি চূড়ান্ত হওয়ার সঙ্গে একটি নীতিমালাও তৈরি হয়েছে।”
নতুন সরকারের অধীনে অধিদপ্তর বাতিল হওয়ার আশঙ্কা প্রসঙ্গে ফারুক-ই-আজম বলেন, “অধিদপ্তর সরকারিভাবে গঠন করা হয়েছে। যারা ভবিষ্যতে আসবেন, তারাও জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করবেন বলে আশা করছি।”
আহত ও নিহতদের তালিকা বিষয়ে তিনি বলেন, “১৬ জানুয়ারি রাতে শহীদদের তালিকা পেয়েছি এবং রাত ৩টায় গেজেট প্রকাশ করেছি। মেডিকেল সেল থেকে তালিকা তৈরি হচ্ছে এবং তা দ্রুত গেজেট আকারে প্রকাশিত হবে।”
sutra24


