বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিস্তাপাড়ের পানিবঞ্চিত মানুষ আজ বিশ্বকে জানিয়ে দিতে চায় যে, ভারতের সঙ্গে অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়া কোনো করুণার বিষয় নয়। এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের অধিকার এবং মানুষের প্রাপ্য। অথচ, তিস্তার পানি আদায়ে আজ আমাদের আন্দোলন করতে হচ্ছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “প্রতিবেশী দেশ যদি তিস্তার ন্যায্য হিস্যা না দেয়, তাহলে তাদের দিকে তাকিয়ে থাকা যাবে না। নিজেদের অধিকার আদায়ে আমাদেরকেই ব্যবস্থা নিতে হবে। প্রতিবেশী দেশের সঙ্গে নতুনভাবে সম্পর্ক স্থাপন করতে হবে।”
তিনি উল্লেখ করেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কূটনৈতিকভাবে সমাধান করা হয়নি। দীর্ঘ ৫০ বছর ধরে ফারাক্কার অভিশাপ থেকে মুক্তি পাইনি। এখন আবার এসেছে তিস্তার অভিশাপ। এই অভিশাপের কারণে তিস্তার পারের মানুষ বন্যা ও খরার মতো দুর্যোগে দিন কাটাচ্ছে।”
তারেক রহমান বলেন, “বিএনপি ক্ষমতায় এলে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। পাশাপাশি অন্যান্য নদীর সংস্কার ও খনন কাজও হাতে নেওয়া হবে। শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করা হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায় আজ দেখেছে মানুষের ঐক্যবদ্ধতা। এই ঐক্যের মাধ্যমে সংকট মোকাবিলা করতে হবে। আমরা যেমন বলেছি ‘জাগো বাহে তিস্তা বাঁচাও,’ তেমনি সবাইকে বলতে হবে ‘জাগো বাহে বাংলাদেশ বাঁচাও।’”
সুত্রা২৪


