দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের হলদীবাড়ী এলাকা থেকে ট্রেনে কাটা অবস্থায় ভরত চন্দ্র রায় (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, ভরত চন্দ্র রায়ের দুই হাত প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা ছিল। নিহত ব্যক্তি চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। তার বাড়ি কালিকাবাড়ী কুমার পাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, তাকে হত্যা করে রেললাইনে ফেলে রাখা হয়েছিল। কোনো ট্রেনের নিচে পড়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, ভরত চন্দ্র রায় রেলওয়েতে খালসি পদে চুক্তিভিত্তিক কাজ করতেন। প্রতিদিনের মতো সোমবার সকালে অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু ওইদিন সন্ধ্যায় আর বাড়ি ফেরেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধারের খবর পান।
ভরত চন্দ্রের স্ত্রী ভারতী বানী জানান, “আমার স্বামীর কোনো শত্রু ছিল বলে জানি না। কী কারণে এমন ঘটনা ঘটল, বুঝতে পারছি না। দেবরের মেয়ের বিয়ে বৃহস্পতিবার, নতুন মোটরসাইকেল কেনার কথা ছিল। কিন্তু সব শেষ হয়ে গেল।”
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম বলেন, “মরদেহটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের হাত বাঁধা ছিল, যা হত্যার ইঙ্গিত দেয়। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।”
সুত্রা২৪


