খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে ছাত্র হলগুলো প্রদক্ষিণ করছিলেন। তাদের স্লোগান ছিল, ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’। এসময় ছাত্রদলের কর্মীরা তাদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
সংঘর্ষের উত্তেজনা দ্রুত ক্যাম্পাসের সীমানা পেরিয়ে বাইরেও ছড়িয়ে পড়ে। কুয়েট পকেট গেট এলাকা থেকে বহিরাগত একটি দল সংঘর্ষে যোগ দিলে পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছি। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।”
আহতদের পরিচয় এবং তাদের অবস্থার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কুয়েট প্রশাসন এবং পুলিশ একযোগে কাজ করছে বলে জানা গেছে।
সুত্রা২৪


