বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আগে করলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পাড়া-মহল্লায় সন্ত্রাস করবে। এতে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হবে।”
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমরা ভালো নেই। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি মানুষের নাভিশ্বাস তুলেছে। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে খুন, গুম, মামলা, নির্যাতনের শিকার হয়েছেন আমাদের হাজারো নেতাকর্মী। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াই আমরা চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “ছাত্র রাজনীতি নিষিদ্ধের ইস্যু নিয়ে নতুন দল গঠন করলেও ক্ষমতায় থেকে দল গঠন করা গ্রহণযোগ্য নয়। ক্ষমতা ছেড়ে সুষ্ঠু নির্বাচন দিন, জনগণ আপনাদের ভোট দেবে কিনা তখন দেখা যাবে।”
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, “আপনি দায়িত্ব নিয়েছিলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেওয়ার। জাতীয় নির্বাচন আগে হতে হবে, স্থানীয় নির্বাচন আগে করলে জনগণ তা মেনে নেবে না।”
বিএনপি ক্ষমতায় গেলে খুলনা অঞ্চলের বন্ধ পাটকল চালু ও যশোরের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেন তিনি।
সভায় বিশেষ অতিথি বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “স্বৈরাচারী সরকার হত্যা, খুন ও গুমের রাজনীতি করেও বিএনপিকে দমন করতে পারেনি। নির্বাচন বিলম্বিত করলে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব।”
যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু, মফিকুল হাসান তৃপ্তি, অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।


