পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে তার এক আত্মীয়র বাসা থেকে দুটি বস্তা ভর্তি আলামত উদ্ধার করা হয় বলে দুদকের জনসংযোগ দপ্তর জানিয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, “গতকাল মধ্যরাতে দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম শহীদুল হকের আত্মীয়র বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় দুটি বস্তায় ৪৮টি আলামত উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে জমির দলিল, গোপন চুক্তিপত্র, ডিড অব অ্যাগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, বন্ড, এফডিআর, ব্যাংক হিসাব বিবরণীসহ বিপুল সম্পদের প্রমাণ।”
দুদকের অনুসন্ধানে জানা যায়, শহীদুল হক অবৈধ পন্থায় অর্জিত সম্পদের নথি আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। এসব নথিতে তার বেআইনি উপায়ে অর্জিত সম্পদের তথ্য রয়েছে।
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর তথ্য অনুযায়ী, শহীদুল হক, তার স্ত্রী শামসুন্নাহার রহমান এবং তিন সন্তানের নামে ৭২টি ব্যাংক হিসাবে ৫৬০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫৫০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে এবং সর্বশেষ স্থিতি ১০ কোটি ২০ লাখ টাকা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করা শহীদুল হককে গত ৩ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। দুদক জানায়, তার বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।


