ছাত্রদলের সভাপতির ‘শিবিরের ওপর দায় চাপিয়ে দাও’ মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম এই নিন্দা প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) জাতীয়তাবাদী ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা হামলার অভিযোগ নিয়ে ছাত্রদল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের পাশে দাঁড়ানো ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ‘শিবিরের ওপর দায় চাপিয়ে দেওয়ার’ নির্দেশ দেন। এই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।”
নেতৃবৃন্দ আরও বলেন, “এ ধরনের দোষারোপের রাজনীতি উদ্দেশ্যপ্রণোদিত এবং ফ্যাসিবাদী চেতনার বহিঃপ্রকাশ। এটি সুস্থ ও গঠনমূলক রাজনীতির বিরোধী। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দীর্ঘদিন ধরে যে অপরাজনীতির প্রচলন করেছিল, ছাত্রদলও এখন সেই পথ অনুসরণ করছে। তাদের অপরাধ ঢাকতে ছাত্রশিবিরকে মিথ্যাভাবে দোষারোপ করার প্রবণতা নতুন নয়।”
বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, “এ ধরনের অনৈতিক আচরণ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের রাজনীতির পথে অন্তরায়। আমরা তাদের বিভাজন ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ছাত্রবান্ধব ও কল্যাণমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।”
সুত্রা২৪


