রাজশাহী, সোমবার: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি স্বীকার করেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এবং এ ক্ষেত্রে সরকারের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আজ রাজশাহীর পিটিআই মিলনায়তনে ‘মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের গুরুত্ব’ শীর্ষক কর্মশালার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে, তবে আমরা পরিস্থিতি উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।” তিনি আরও বলেন, “বিচারব্যবস্থা ও প্রশাসনের কাঠামোগত দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য ধারাবাহিক উদ্যোগ নেওয়া হচ্ছে।”
তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং এর পেছনে বিপুল পরিমাণ অর্থের জোগান রয়েছে। “আমাদের নিরাপত্তা বাহিনী ও স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে,” বলেন তিনি।
বর্তমান বিচারব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তবে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেটিও আমাদের অগ্রাধিকার।”
তিনি আশাবাদ প্রকাশ করে বলেন যে, সরকারের প্রচেষ্টা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব হবে।
সুত্রা২৪


