স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকায় আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে।
২৪ ফেব্রুয়ারি, সোমবার দুপুর ২:৩০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে শুরু হওয়া এই পদযাত্রায় আন্দোলনকারীরা শিক্ষা ভবন মোড়ে পুলিশ ব্যারিকেডের মুখোমুখি হন। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে দেন এবং তাদের সাথে ধাক্কাধাক্কি হয়।
ইডেন কলেজের শিক্ষার্থী তিলোত্তমা ইতি পুলিশের বাধা সম্পর্কে বলেন, “পুলিশ ধর্ষকদের ঠেকাতে পারছে না, অথচ আমাদের থামাতে চাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ রক্ষা পাবে না।”
তিনি আরো বলেন, নারী আন্দোলনকারীদের গায়ে পুলিশ হাত তুলেছে, যা তিনি নিন্দা করেন। “এ আন্দোলনে নারী নেতৃত্ব দিচ্ছে, কিন্তু পুলিশ কেন পুরুষ সদস্যদের দিয়ে আমাদের উপরে আক্রমণ করছে?”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমা আক্তার অভিযোগ করেন, “আমরা নারীরা আন্দোলনে অংশ নিয়েছি, কিন্তু এর পর নারীদের প্রতি বৈষম্য করা হচ্ছে। সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করুন।”
তিনি বলেন, “রাস্তায় হাঁটতে ভয় লাগে, নিজের ক্যাম্পাসেও অনিরাপদবোধ করছি।”
আরেক নারী শিক্ষার্থী বলেন, “আমরা শুধু দায়সারা কথা শুনতে চাই না, আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের সমাজ নিরাপদ করতে হবে।”
আন্দোলনকারীরা শহীদ মিনারে জড়ো হয়ে নানা স্লোগানসহ পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে তাদের দাবি জানান। পোস্টারগুলিতে লেখা ছিল:
- ‘পাহাড় থেকে সমতল, সকল ধর্ষণের বিচার চাই’
- ‘বিচারহীনতার সংস্কৃতি, ধর্ষণের রাজনীতি’
- ‘আমরা জন্ম থেকে শহীদ, তনু ধর্ষণ ও হত্যার বিচার কই’
এই আন্দোলন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত চলতে থাকবে বলে ঘোষণা করা হয়েছে।
সুত্রা২৪


