প্রতীক্ষার অবসান! ১৩ বছরের সম্পর্ককে পরিণয়ে রূপ দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভালোবাসা দিবসে প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।
বিয়ের দেড় সপ্তাহ পর, সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে একাধিক ছবি শেয়ার করেছেন মেহজাবীন।
১৩ বছরের বন্ধুত্ব, প্রেম, পরিণয়
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—
“১৩ বছর পর, এখানে আমরা একসঙ্গে বেড়ে উঠছি, প্রতিটি চড়ায়-উতরায় অতিক্রম করেছি। তারা বলে সাত বছরের বন্ধুত্ব আজীবন স্থায়ী হয়—আমরা তা প্রায় দ্বিগুণ করে ফেলেছি।”
রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে মেহজাবীনের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। তবে পুরো বিয়েতে ছিল কড়া গোপনীয়তা। বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে নানা গুঞ্জনের পর অবশেষে নিজেই ছবি প্রকাশ করলেন মেহজাবীন।
ছবিতে দেখা গেছে, কনে সাজে মোহনীয় রূপে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। শুভকামনায় ভাসছেন নবদম্পতি।


