বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল ঘোষণার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি। আজ সোমবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যতম নেতা সারজিস আলম এই তথ্য জানান।
এর আগে, ২৬ ফেব্রুয়ারি দল ঘোষণার পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। সারজিস আলম বলেন, “আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে।”
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক দল প্রয়োজন। ৫ আগস্টের যে চেতনা, সেই ‘জুলাই স্পিরিট’ সামনে রেখে আমরা যে স্বপ্ন দেখেছি, তা বাস্তবায়ন করতে হলে দীর্ঘ লড়াইয়ের প্রয়োজন। লাখো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, সেই আদর্শের ভিত্তিতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত রাজনৈতিক দল গঠন করা আমাদের দায়িত্ব।”
নতুন এ দলের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দল ঘোষণার দিন জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সুত্রা২৪


