34.5 C
Dhaka
Saturday, June 20, 2026

কেশবপুরে অপসারিত কাউন্সিলরের বাড়িতে হামলা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

advertisment
- Advertisement -spot_img

যশোরের কেশবপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা কামাল খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন কামাল খান। তিনি দাবি করেছেন, বিএনপির নেতাকর্মীরাই এ ঘটনার সঙ্গে জড়িত।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে ১০-১৫টি মোটরসাইকেলে করে প্রায় ২৫-৩০ জন হামলাকারী বাড়িতে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্রে ব্যাপক ভাঙচুর চালানো হয়। তবে হামলার সময় কামাল খান বাড়িতে ছিলেন না।

হামলার সময় দুই সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন কামাল খানের স্ত্রী উর্মি খানম। তিনি বলেন, “একদল লোক আমার স্বামীর নাম ধরে ডাকতে ডাকতে বাড়িতে ঢোকার চেষ্টা করে। ভয়ে আমি দোতলায় উঠে যাই। পরে তারা দরজা ভেঙে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। আমার স্বামীকে না পেয়ে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এখন সন্তানদের নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

মুঠোফোনে কথা হলে কামাল খান বলেন, “আমি আওয়ামী লীগের রাজনীতি করি বলেই বিএনপির লোকজন আমার বাড়িতে হামলা চালিয়েছে। তারা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। আমি বিষয়টি সঙ্গে সঙ্গেই পুলিশকে জানিয়েছি। পুলিশ এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছে, তবে এখনো কোনো ব্যবস্থা নেয়নি। পরিবার নিয়ে আমি আতঙ্কে আছি।”

এ ঘটনায় পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ আটক হয়নি। পুলিশ বলছে, হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে।

স্থানীয়দের মতে, রাজনৈতিক উত্তেজনার জেরে এ ধরনের সহিংস ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ