মালদ্বীপে বসবাসরত অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ এবং দেশটিতে বাংলাদেশি কর্মীদের নিয়োগ আরও বাড়ানোর জন্য মালদ্বীপ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশেদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠক চলাকালে মালদ্বীপের হাইকমিশনার জানান, বর্তমানে মালদ্বীপের বহু শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে মেডিকেল কলেজে অধ্যয়নরত। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আরও মালদ্বীপের শিক্ষার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে আগ্রহী।
এসময় প্রধান উপদেষ্টা হাইকমিশনারকে শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে, তার দায়িত্বকালে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।
হাইকমিশনার শিউনিন রাশেদ বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, বাংলাদেশ থেকে ওষুধ আমদানির পরিমাণ বেড়েছে এবং কিছু বাংলাদেশি প্রতিষ্ঠান ইতোমধ্যে মালদ্বীপে ব্যবসা শুরু করেছে। এছাড়া, বাংলাদেশি পর্যটকদের আগ্রহও বাড়ছে মালদ্বীপ ভ্রমণে।
প্রধান উপদেষ্টার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া নানা উদ্যোগের প্রশংসা করেন হাইকমিশনার এবং বলেন, “জলবায়ু ইস্যুতে আপনার অঙ্গীকার আমাদের অনুপ্রাণিত করছে। মালদ্বীপ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চায়।”
সুত্রা২৪


