ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর ও ইউনিফর্ম ছিঁড়ে দেওয়ার অভিযোগে যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) রাত ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতাল মোড় থেকে তাকে আটক করা হয়।
শাওন ইসলাম সবুজ শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা মো. শাহিনের ছেলে।
যশোরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহফুজুর রহমান জানান, শনিবার রাতে ট্রাফিক পুলিশ সদস্য শরিফুল ইসলাম জেল রোডে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় শাওন ও তার কয়েকজন বন্ধু রাস্তার ওপর মোটরসাইকেল রেখে আড্ডা দিচ্ছিলেন, যা যানজট সৃষ্টি করে।
পুলিশ সদস্য তাদের মোটরসাইকেল সরাতে বললে শাওন ক্ষিপ্ত হয়ে বলেন, “টিআইও আমাকে কিছু বলতে পারে না, আর তুই বলছিস?” কিছু বুঝে ওঠার আগেই তিনি ওই পুলিশ সদস্যের মুখে ঘুষি মারেন এবং ইউনিফর্ম ছিঁড়ে দেন।
স্থানীয়দের সহায়তায় শাওনকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে কোতোয়ালি থানায় সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।
যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, “দায়িত্ব পালনকালে একজন পুলিশ সদস্যের ওপর হামলা করা হয়েছে, যা গুরুতর অপরাধ। অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর জানান, “আমরা এই ঘটনায় বিব্রত। সংগঠন কারও ব্যক্তিগত দায় নেবে না। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
সুত্রা২৪


