অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, উন্মুক্ত স্থানে নারী-পুরুষ নির্বিশেষে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এটি শাস্তিযোগ্য অপরাধ, যা মেনে চলতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে রমজান মাসে রোজাদারদের সম্মানার্থে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
রবিবার (২ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইনস পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদপুরে প্রকাশ্যে ধূমপানকে কেন্দ্র করে দুই নারীর ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমার জানা মতে, ওই দুই নারী প্রকাশ্যে ধূমপান করছিলেন, যা আইনে নিষিদ্ধ। এ সময় নামাজে যাওয়ার পথে স্থানীয় কয়েকজন তাদের বাধা দেন এবং চা ছুড়ে মারেন। সবাইকে মনে রাখতে হবে, উন্মুক্ত স্থানে ধূমপান করা আইনের চোখে অপরাধ।”
তিনি আরও বলেন, “রমজান সংযমের মাস, তাই সবাইকে ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে, রোজাদারদের প্রতি সম্মান দেখাতে কেউ যেন প্রকাশ্যে খাবার গ্রহণ বা ধূমপান না করেন, এ বিষয়ে ধর্ম উপদেষ্টার পক্ষ থেকেও অনুরোধ করা হয়েছে।”
পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সুত্রা২৪


