গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার ভারত আশ্রয়ের পর থেকেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়। তবে দুই দেশের বর্তমান সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বাংলাদেশ-ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। ঐতিহাসিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আমরা পরস্পরের ওপর নির্ভরশীল।”
সম্প্রতি বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বিরের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সোমবার (৩ মার্চ) সাক্ষাৎকারটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কের বর্তমান অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। বরং এটি সবসময় ভালো ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে মাঝে মাঝে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, যা মূলত অপপ্রচার থেকে এসেছে। আমরা সেই ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করছি।”
ভারত সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমাদের প্রতিনিধিরা ভারতে যাচ্ছেন, ভারত থেকেও প্রতিনিধিরা আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও আমার প্রথম সপ্তাহেই কথা হয়েছে।”
যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক তৈরির অংশ হিসেবে ইলন মাস্কের সঙ্গে তার সাম্প্রতিক যোগাযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটি মূলত স্টারলিংক পরিষেবা সংক্রান্ত ছিল। বাংলাদেশে স্টারলিংক সংযোগ আনার বিষয়ে আমরা আলোচনা করেছি। এটি একটি ব্যবসায়িক যোগাযোগের অংশ।”
সুত্রা২৪


