গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি, অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন যে, গত দুই থেকে আড়াই বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক ১০৬৭ বাংলাদেশির নাম ও ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মইনুল ইসলাম বলেন, “ভারতের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের একটি তালিকা চাওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাওয়া তালিকায় তাদের নাম ও ঠিকানা রয়েছে। আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা কমিশনে পাঠানো হবে বলে আমাদের জানানো হয়েছে। তালিকায় গুমের শিকার কারও নাম আছে কি না, তা যাচাই করা হচ্ছে।”
তিনি আরও জানান, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান কার্যক্রম চলছে। বিশেষ করে, গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের নিখোঁজ মোহাম্মদ রহমত উল্লাহকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইন করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে কমিশনের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সদস্য, অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নুর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কমিশনের সদস্য মিজ নাবিলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী ও কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন।
সুত্রা২৪


