28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচারসহ শিক্ষার মানোন্নয়নে ১৩ দাবি ঢাবি সাদা দলের

advertisment
- Advertisement -spot_img

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার, খাবারের মান বৃদ্ধি, সুপেয় পানির ব্যবস্থা, আবাসন সংকট নিরসন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতসহ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ১৩ দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানান সাদা দলের নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

স্মারকলিপিতে সাদা দল উল্লেখ করে, “বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার বাতিঘর। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে মানসম্মত উচ্চশিক্ষা, শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

তারা আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুগে যুগে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২৪-এর হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা ছিল। কিন্তু দুঃখজনকভাবে, দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়ন হয়নি। তাই আমরা ১৩ দফা দাবি পেশ করছি।”

সাদা দলের ১৩ দফা দাবি:

১. প্রতিটি শিক্ষার্থীর জন্য স্বতন্ত্র বেড (One Student-One Bed) নিশ্চিত করা
বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ ও পুরাতন হলগুলোর সংস্কার করে প্রত্যেক শিক্ষার্থীর জন্য স্বতন্ত্র বেড নিশ্চিত করতে হবে।

২. হলগুলোর খাবারের মান বৃদ্ধি ও বিশুদ্ধ পানির ব্যবস্থা
শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে খাবারের মানোন্নয়ন ও প্রতিটি হলে বিশুদ্ধ পানির জন্য পর্যাপ্ত ইলেকট্রিক ফিল্টার স্থাপন করতে হবে।

৩. শ্রেণিকক্ষের আধুনিকায়ন ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি
শ্রেণিকক্ষ সংস্কার, আসবাবপত্র উন্নয়ন এবং পাঠদানে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।

৪. গ্রন্থাগার উন্নয়ন ও ২৪ ঘণ্টা খোলা রাখা
কেন্দ্রীয় গ্রন্থাগারসহ সকল গ্রন্থাগারে আধুনিক বই, অনলাইন রিসোর্স ও জার্নালের সংখ্যা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের গবেষণার সুবিধার্থে ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা করতে হবে।

৫. শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন কাজের সুযোগ সৃষ্টি
অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য গবেষণা সহকারী ও খণ্ডকালীন কাজের সুযোগ তৈরি এবং অনলাইন ফ্রিল্যান্সিং সেন্টার স্থাপন করতে হবে।

৬. প্রথমবর্ষের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা
অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য Need-based বৃত্তির ব্যবস্থা করতে হবে।

৭. বিশেষ চাহিদাসম্পন্ন (ফিজিক্যালি চ্যালেঞ্জড) শিক্ষার্থীদের জন্য সুযোগ বৃদ্ধি
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থীদের জন্য চলাচল ও শিক্ষা গ্রহণে বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

৮. পরিবহন সুবিধা সম্প্রসারণ
বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা বাড়িয়ে বাস সার্ভিসের সময় রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি করতে হবে।

৯. মানসিক স্বাস্থ্যসেবা ও মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় স্টুডেন্ট কাউন্সেলিং সেন্টার উন্নয়ন এবং মেন্টরশিপ প্রোগ্রাম চালু করতে হবে।

১০. প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন
ভর্তি, ফি প্রদানসহ সব প্রশাসনিক কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে।

১১. নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা
বহিরাগত ও অপরাধীদের অনুপ্রবেশ ঠেকাতে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলো সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।

১২. ক্যাম্পাসের রাস্তা সংস্কার
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা দ্রুত সংস্কার করতে হবে।

১৩. জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রনামধারী সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে।

সাদা দল জানায়, “আমাদের দাবিগুলো শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির জন্য অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ