পদোন্নতিসহ দুটি প্রধান দাবিতে তিন দিনের কর্মবিরতিতে নেমেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে এই কর্মসূচির আওতায় জরুরি সেবা রাখা হয়নি, ফলে হাসপাতালের জরুরি বিভাগ যথারীতি চালু থাকবে।
শনিবার (৮ মার্চ) সকাল থেকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা।
এর আগে, শুক্রবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দিয়ে চিকিৎসকরা জানান, দাবি পূরণ না হলে মঙ্গলবার (১১ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের দুটি প্রধান দাবি হলো:
১. চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখা, যার জন্য পদোন্নতিযোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্রুত ও পূর্বের তারিখ অনুযায়ী (ভূতাপেক্ষভাবে) পদোন্নতি দিতে হবে।
2. অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা এবং যোগ্য সব চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি নিশ্চিত করা।
সরকারের প্রতিক্রিয়া
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের সদস্য সচিব ডা. মো. বশির উদ্দিন জানান, শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমানের সঙ্গে বৈঠক হয়েছে, যেখানে দাবি পূরণের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, উপদেষ্টার বিশেষ সহকারী যদি সরাসরি কর্মবিরতির স্থানে এসে পদোন্নতির সময়সীমা ঘোষণা করেন, তাহলে তারা কর্মসূচি স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
রবিবারও দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।
সুত্রা২৪


