নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে দেশব্যাপী উদ্বেগের মধ্যে মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে কঠোরতম শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
রোববার (৯ মার্চ) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির লেখেন, “মাগুরার আট বছরের শিশুকে ধর্ষণ ও এ ঘটনায় সহযোগিতা করা একই ধরনের অপরাধ। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের প্রতিটি ধর্ষককে খুঁজে বের করে আইনের আওতায় আনা জরুরি। তারা যেখানেই থাকুক না কেন, দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
ডা. শফিকুর রহমান সামাজিকভাবে ধর্ষকদের বয়কটের আহ্বান জানিয়ে বলেন, “সমাজের সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে ধর্মীয় নেতা, ইমাম ও খতিবদের এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই এই অপরাধ রোধ করা সম্ভব হবে।”
সম্প্রতি দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মাগুরার ঘটনা পরিস্থিতিকে আরও গভীরভাবে আলোচনায় এনেছে। বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজ নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
সুত্রা২৪


