28.7 C
Dhaka
Monday, June 15, 2026

না পারলে ক্ষমতা ছেড়ে দিন, প্রধান উপদেষ্টাকে দুদু

advertisment
- Advertisement -spot_img

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। শিশু ধর্ষণ, হত্যাকাণ্ড, সড়কে নৈরাজ্য চলছে। এই পরিস্থিতির জন্য কি আমরা গণ-আন্দোলন করেছি? যদি সুশাসন দিতে না পারেন, তাহলে ক্ষমতা ছেড়ে দিন।”

সোমবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি আয়োজিত ‘সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপি নেতা বলেন, “আপনাকে আমরা ক্ষমতায় এনেছি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ছিল, তারাই আপনাকে সমর্থন দিয়েছে। কিন্তু এখন দেখছি, আপনি নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবছেন না। আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন। মনে রাখবেন, আমরা রাস্তায় নামলে পরিস্থিতি পাল্টে যাবে।”

“বিচার দ্রুত করুন, নির্বাচন বিলম্ব নয়”

শামসুজ্জামান দুদু বলেন, “হাসিনার বিচার ছয় মাসে শেষ করা সম্ভব ছিল। এখন যা হচ্ছে, তাতে মানুষ ভুলতে বসেছে। তরুণরা বলছে, বিচার ছাড়া নির্বাচন নয়। কিন্তু বিচার তো হচ্ছে না, তাই কি নির্বাচনও হবে না? প্রয়োজনে তিন মাসের মধ্যে বিচার শেষ করা সম্ভব।”

“শুধু নিজের মামলা প্রত্যাহার করলেই চলবে না”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা ক্ষমতায় এসেই তার নিজের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করেছেন। কিন্তু সাধারণ জনগণের সমস্যার কোনো সমাধান হচ্ছে না। গণ-আন্দোলনের মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছেন, জনগণের সমস্যার সমাধান করাই ছিল আপনার দায়িত্ব।”

সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম, কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আজমেরী বেগম ছন্দা, সাংবাদিক নেতা রাজু আহমেদসহ অন্যান্য রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

সভায় বক্তারা অবিলম্বে সুষ্ঠু নির্বাচন এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ