জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নতুন সুবিধা আনার বিষয়ে ভাবছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)। এবার এনআইডিতে ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সোমবার (১০ মার্চ) এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “এটি এখনো নীতিগত সিদ্ধান্ত নয়, তবে কমিশন বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে।”
এনআইডি ডিজি আরও বলেন, “আমাদের দেশে অনেকের ডাকনাম ব্যবহারের প্রচলন আছে, যা সরকারি নথিতে উল্লেখ থাকে না। পাশাপাশি, যাদের একাধিক স্ত্রী রয়েছে, তাদের ক্ষেত্রেও এনআইডিতে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আমরা তথ্য সংরক্ষণের পরিকল্পনা করছি। যদি আগে থেকেই দুই নম্বর ফরমে ডাকনাম ও স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করা যায়, তাহলে ভবিষ্যতে অনেক সমস্যার সমাধান হবে।”
এ ছাড়াও, “যাদের বাড়িঘর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় বা পানিতে ডুবে যায়, তাদের স্থায়ী ঠিকানা সংক্রান্ত তথ্য সংরক্ষণের বিষয়েও আলোচনা হয়েছে,” বলেন তিনি।
তবে এখনো এই প্রস্তাবগুলো চূড়ান্ত হয়নি এবং নীতিনির্ধারক পর্যায়ে আরও আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এনআইডি ডিজি।
সুত্রা২৪


