রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের আয়োজিত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জানা গেছে, এর আগে রাবি ছাত্রশিবিরের আলোচনা ও কুরআন বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাম্পাসে আসেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি। ওই অনুষ্ঠান শেষে বিকেলে ছাত্রদলের আয়োজিত প্রতিযোগিতায় উপস্থিত হয়ে তিনি বক্তব্য রাখেন।
এসময় ছাত্রশিবিরের সভাপতি বলেন, “আমাদের সংগঠনের একটি কর্মসূচি ছিল। সেটি শেষ করার পর জানতে পারলাম ছাত্রদলের অনুষ্ঠান হচ্ছে, তাই এখানে আসা। ৫ আগস্টের আগের যে পরিস্থিতি ছিল, যেখানে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত ছিল, সেখান থেকে আজকের পরিবর্তন এসেছে শহীদদের আত্মত্যাগের কারণে। এখন আমাদের দায়িত্ব এই সুযোগকে কাজে লাগানো এবং আগামীর বাংলাদেশকে গড়ে তোলা।”
তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। পার্বত্য চট্টগ্রাম সংকটের সমাধানেও তার কৌশলী ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পাশাপাশি, একাত্তরের পর ইসলামবিরোধী চক্রান্ত নস্যাৎ করতেও তিনি ভূমিকা রেখেছেন।”
জাহিদুল ইসলাম রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমরা চাই ছাত্রশিবির, ছাত্রদল এবং ফ্যাসিবাদবিরোধী সব সংগঠন ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করবে। মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে, তবে দেশ গঠনে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি, রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মুস্তাফিজ বাবুসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সুত্রা২৪


