চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা ফেরত এক যাত্রীর কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
বুধবার (১২ মার্চ) সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে শাহিন আল মামুন নামে এক যাত্রীর কাছ থেকে এই সোনা জব্দ করা হয়। তিনি ওমরাহ যাত্রীদের একটি দলের নেতা হিসেবে দেশে ফিরছিলেন।
অভিযুক্ত শাহিন আল মামুনের বাড়ি রাঙামাটি কোতোয়ালি থানার ডিএসবি কলোনি এলাকায়।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শাহিন আল মামুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে সকাল ৮টা ৩৬ মিনিটে চট্টগ্রাম পৌঁছান।
এরপর তিনি কাস্টমসের গ্রিন চ্যানেল পার হয়ে আন্তর্জাতিক আগমনি টার্মিনালের ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সন্দেহ হওয়ায় কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন।
পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে ৪০০ গ্রাম ওজনের ২২ ক্যারেটের স্বর্ণালংকার উদ্ধার করা হয় .
কাস্টমস কর্তৃপক্ষ মামুনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছে। বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
অবৈধভাবে স্বর্ণ পাচার রোধে বিমানবন্দরের নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
সুত্রা২৪


