34.2 C
Dhaka
Wednesday, June 10, 2026

আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব

advertisment
- Advertisement -spot_img

চার দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট (ইকে-৫৮৬) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর তিনি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যাবেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৯টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। এরপর সকাল ১০টায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ নির্ধারিত রয়েছে।

বৈঠক শেষে গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজারের উদ্দেশে বিমানে রওনা হবেন। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম তাকে স্বাগত জানাবেন।

কক্সবাজারে তিনি রোহিঙ্গা শিবিরের বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন, যার মধ্যে রয়েছে ওয়াচ টাওয়ার, লার্নিং সেন্টার, মাল্টিপারপাস সার্ভিস সেন্টার এবং একটি পাট উৎপাদন স্থাপনা। এছাড়া তিনি রোহিঙ্গা যুবক, শিশু এবং সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

শুক্রবার সন্ধ্যায় গুতেরেস ঢাকায় ফিরে আসবেন। শনিবার তিনি ঢাকায় জাতিসংঘের ভবন পরিদর্শন করবেন এবং জাতিসংঘ-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনী পর্যবেক্ষণ করবেন। এরপর তিনি জাতিসংঘ কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

শনিবার বিকেলে তিনি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন এবং তরুণদের সঙ্গে সংলাপে অংশ নেবেন। এরপর নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।

সফরের শেষ দিনে, রবিবার সকালে জাতিসংঘ মহাসচিব এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। পরে সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ