জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই সফরে এসেছেন গুতেরেস। প্রায় সাত বছর পর এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর। এবার তার আলোচনার মূল এজেন্ডায় থাকবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার ইস্যু।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘ মহাসচিবের সফরের প্রথম দিন, ১৪ মার্চ, তিনি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে তার দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠক শেষে তারা বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। সেখানে জাতিসংঘের বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রম সম্পর্কে মহাসচিবকে ব্রিফ করবে। এছাড়া, তিনি প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করবেন।
১৫ মার্চ ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন গুতেরেস। এরপর তিনি হোটেলে ফিরে গোলটেবিল বৈঠকে অংশ নেবেন, যেখানে বাংলাদেশের তরুণ সমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আয়োজনে এক নৈশভোজ ও ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব।
ফেরার সময়সূচি
১৬ মার্চ সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা ত্যাগ করবেন।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের জুলাই মাসে তিনি শেষবার বাংলাদেশ সফর করেছিলেন।
সুত্রা২৪


