মাগুরার ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “৯০ দিনের মধ্যে এই ঘটনার বিচার সম্পন্ন হওয়া উচিত, যাতে এই পরিবার ও বাংলাদেশের মানুষ দ্রুত ন্যায়বিচার পায়।”
আজ (১৫ মার্চ) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতের আমির হেলিকপ্টারে এসে আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। পরে তিনি সোনাইকুন্ডী গোরস্থানে গিয়ে আছিয়ার কবর জিয়ারত করেন।
এছাড়া সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আয়োজনে আছিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “বাংলাদেশ আজ লজ্জিত, কারণ অপসংস্কৃতির কারণে আছিয়া এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ইসলামী শাসনব্যবস্থা থাকলে দ্রুত বিচারের ব্যবস্থা করা যেত।” তিনি আরও বলেন, “এই ধরনের অপরাধীদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং সমাজে তাদের বয়কট করা উচিত।”
পরে ডা. শফিকুর রহমান আছিয়ার মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে জানতে পারেন, তিনি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি আছেন। এরপর তিনি অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ফিরে আসেন ।
সুত্রা২৪


