সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছিলেন, “আস্তে আস্তে খান, একদিনে সব খেয়ে ফেলবেন না। ধীরে চললে অনেক দূর যাওয়া সম্ভব।” তার এই বক্তব্য নিয়ে বেশ আলোচনা সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে আজ এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি নেতাকর্মীদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আস্তে আস্তে খাওয়ার পরামর্শ দিয়েছি।” তিনি আরো জানান, গত ১০ তারিখে তার নির্বাচনী এলাকা চরফ্যাশন ও মনপুরায় গিয়ে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে পার্টির হাইকমান্ডের নির্দেশে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছিলেন। এর পরদিন মনপুরায় যাওয়ার সময় তিনি কিছু নেতাকর্মীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যেখানে তিনি এই পরামর্শটি দেন।
নাজিম উদ্দিন আলম বলেন, “রাজনীতি দীর্ঘমেয়াদী একটি পথচলা, সেজন্য নেতাকর্মীদের ধৈর্য ধরে এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতনভাবে এগিয়ে যেতে হবে। আমি শুধু পরামর্শ দিয়েছি, যাতে নেতাকর্মীরা দ্রুত কিছু পাওয়ার জন্য অস্থির না হন। রাজনীতিতে ধীরে ধীরে এগোতে হবে, যাতে মাঝপথে হোঁচট খেয়ে না পড়েন।”
সুত্রা২৪


